সুনামগঞ্জ জেলার তাহিরপুরে গণসংযোগ করেছেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান।
বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে কোনো লাভ হবে না বলে জানিয়েছেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান।
শুক্রবার বিকালে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
মাহবুবুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।
মাহবুবুর রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত ১৭ বছর বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা করেছে। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করেছিল। সিলেটের কৃতী সন্তান এম ইলিয়াস আলীসহ বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম, খুন, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। এত নির্যাতন করেও বিএনপিকে জনগণের কাছ থেকে দূরে রাখতে পারেনি। ফ্যাসিস্ট হাসিনা ১৭ বছর ষড়যন্ত্র করে বিএনপিকে ভাঙতে পারেনি।
তিনি বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর বিএনপিকে নিয়ে নতুন করে আবার ষড়যন্ত্র চলছে। বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। বিএনপির বিরুদ্ধে গুজব ছড়িয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। তারেক রহমানের নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবেন। তিনি ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ উপহার দেবেন। রাষ্ট্র মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা আপনাদের কাছে পৌঁছে দিতে এসেছি। তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা ও মধ্যনগরের ঘরে ঘরে ৩১ দফার দাওয়াত পৌঁছে দিতে হবে। জনগণের কাছে তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন মিয়ার পরিচালনায় পথসভায় বক্তব্য দেন—জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক, আজিজুর রহমান, আজাদ হোসেন বাবলু, সদস্য অ্যাডভোকেট শাহিনুর রহমান, নূরে আলম ফরাজী, বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন, ভীমখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালিক, জামালগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহ্বায়ক আবুল লেইছ, ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক হাফিজুল হক, তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান, জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান, কলেজ ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম তালহাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচ