হাতীবান্ধায় থানা অবরুদ্ধ মামলায় যুবদল নেতা আটক

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০৭:০২ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধা থানা অবরুদ্ধ করে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় ইউনুস আলী লাভলু নামের যুবদলের বহিষ্কৃত এক নেতাকে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

শনিবার দুপুরে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

জানা যায়, গত ২ জুলাই পার্শ্ববর্তী পাটগ্রাম উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে ২ জনকে কারাদণ্ডের আদেশ দেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেই ঘটনায় আটককৃত দুই ব্যক্তিকে ছিনিয়ে নিতে থানায় আক্রমণ করে দুষ্কৃতিকারীরা। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতীবান্ধা থানার সহযোগিতা চাইলে হাতীবান্ধা থানা অবরুদ্ধ করে সরকারি কাজে বাধা দেয় দুর্বৃত্তরা।

ভিডিও ফুটেজ দেখে সেই ঘটনার অভিযুক্তদের তালিকা তৈরি করে গত ৩ জুলাই মামলা করে পুলিশ। উক্ত মামলার জের ধরে হাতীবান্ধা উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা ইউনুস আলী লাভলুসহ ইতিমধ্যে প্রায় ১৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী জানান, তদন্তাধীন চলমান মামলার কার্যক্রম হিসেবে থানা অবরুদ্ধের মামলার দুই নম্বর আসামি ইউনুস আলী লাভলুকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জেএইচআর