দেবীগঞ্জে আসনভিত্তিক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০৪:৫২ পিএম

“আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই” এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জে আসনভিত্তিক নির্বাচনী দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ৩টায় দেবীগঞ্জ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মো. আব্দুর রশিদ এবং পঞ্চগড়-২ আসনের জামায়াতে ইসলামীর দাড়িপাল্লার মনোনীত প্রার্থী শফিউল্লাহ সুফি।

কর্মশালায় সভাপতিত্ব করেন পঞ্চগড়-২ আসনের নির্বাচন পরিচালক মাওলানা আব্দুল বাসেত।

বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, “আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি ও অন্যায়ের স্থান থাকবে না। ইসলাম শান্তি ও মানবতার ধর্ম; এই আদর্শে বিশ্বাসী প্রত্যেক দায়িত্বশীলকে জনগণের কল্যাণে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনী দায়িত্বশীলরা মাঠপর্যায়ে কাজ করে মানুষের আস্থা অর্জন করবেন এটিই আমাদের মূল লক্ষ্য।” মাওলানা হালিম বলেন, “নির্বাচন কেবল ক্ষমতা অর্জনের উপায় নয়, বরং এটি দায়িত্ব ও আমানত। ইসলামি মূল্যবোধের আলোকে যদি আমরা কাজ করি, তাহলে সমাজে ন্যায় ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

কর্মশালায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমের দিকনির্দেশনা, ভোটার যোগাযোগ, নীতি-নৈতিকতা ও গণসংযোগ কৌশলসহ নানা বিষয়ে আলোচনা হয়। এছাড়াও নির্বাচনী প্রচারণায় শৃঙ্খলা, গণসংযোগে ভদ্রতা ও জনগণের আস্থা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শেষ হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিটের আমির, সেক্রেটারি ও নির্বাচনী দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ