মাগুরায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ১১:১২ পিএম

মাগুরার শালিখা উপজেলার তালখড়ি বাজার এলাকায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তালখড়ি বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্য আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় মাগুরা সদর হাসপাতালের অর্থোপেডিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর হাসপাতালের আরএমও ডা. মামুনুর রশিদ। 

তিনি বলেন, “আহত ব্যক্তির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে পাঠানোর প্রস্তুতি চলছে।”

এদিকে নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। শালিখা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

ইএইচ