অবশেষে জানা গেল স্টেশনে নিহত বাকপ্রতিবন্ধী ববির আসল পরিচয়

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৭:৪৮ এএম

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে ছিনতাইকারীদের হামলায় নিহত বৃদ্ধা পরিচ্ছন্নতাকর্মী ‘ববি বেগম’-এর প্রকৃত পরিচয় অবশেষে জানা গেছে। প্রায় ২৫ বছর ধরে যিনি স্টেশনবাসী ও স্থানীয়দের কাছে ‘ববি বেগম’ নামে পরিচিত ছিলেন, তাঁর আসল নাম ওয়াহিদা বেগম (৭০)।

তিনি বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের শাখাটিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত রহিম উদ্দিনের মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, আট ভাই-বোনের সবাই বাকপ্রতিবন্ধী ছিলেন। তাঁদের মধ্যে দুই ভাই মারা গেছেন, আর বর্তমানে দুই ভাই ও তিন বোন জীবিত রয়েছেন।

স্বজনদের ভাষ্য, প্রায় ২৫ বছর আগে স্বামী ও একমাত্র মেয়ের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েন ওয়াহিদা বেগম। একসময় ট্রেনে করে নরসিংদীর মেথিকান্দা স্টেশনে এসে পৌঁছান। বাকপ্রতিবন্ধী হওয়ায় নিজের পরিচয় জানাতে না পারায় স্থানীয়রা তাঁর নাম রাখেন ‘ববি বেগম’। এরপর থেকেই স্টেশনই হয়ে ওঠে তাঁর স্থায়ী ঠিকানা।

জীবিকা নির্বাহের জন্য তিনি স্টেশনের প্ল্যাটফর্ম ও শৌচাগার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ করতেন। দীর্ঘদিনের কষ্টার্জিত প্রায় ২০ হাজার টাকা জমিয়েছিলেন তিনি। সেই টাকার লোভেই গত ৪ জুলাই দুর্বৃত্তরা স্টেশনের একটি কক্ষে ঢুকে তাঁকে নির্মমভাবে মারধর করে এবং সঞ্চিত অর্থ লুট করে নেয়।

আহত অবস্থায় প্রথমে তাঁকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়। পরে ৭ জুলাই শারীরিক অবস্থার অবনতি হলে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তাঁর মৃত্যু হয়।

নিহতের পরিচয় উদ্ঘাটনের সূত্র আসে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে। ওয়াহিদা বেগমের ছোট বোনের জামাতা সৈকত জানান, ফেসবুকে বাকপ্রতিবন্ধী এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা ও টাকা লুটের একটি পোস্ট দেখে তাঁর সন্দেহ হয়। পরে ছবিটি স্ত্রী রাবেয়া খাতুনকে দেখালে তিনি নিহত নারীকে নিজের খালা হিসেবে শনাক্ত করেন। পরিবারের অন্য সদস্যরাও ছবিটি দেখে নিশ্চিত হন যে, নিহত ‘ববি বেগম’ই তাঁদের দীর্ঘদিনের নিখোঁজ স্বজন ওয়াহিদা বেগম।

এএন