রাঙামাটিতে টাইফয়েড টিকাদান বিষয়ক বিশেষ সভা

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৪:৪২ পিএম

শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান বিষয়ক রাঙামাটিতে গণমাধ্যম কর্মীদের নিয়ে বিশেষ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় রাঙামাটি জেলা তথ্য অফিসের আয়োজনে ও গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ মারুফ।

রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমীনের সভাপতিত্বে এতে রাঙামাটি সিভিল সার্জন নূয়নখীসা এবং রাঙামাটির তথ্য অফিসার উপ-পরিচালক রাহুল বনিক উপস্থিত ছিলেন।

রাঙামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ মারুফ বলেন, "বর্তমান সরকার পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্য সচেতনতার জন্য বিনামূল্যে টাইফয়েডের টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ১২ই অক্টোবর সরকারের ইপিও আই কর্মসূচির আওতায় দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। একই সাথে সেদিন রাঙামাটিতেও এই টিকাদান কার্যক্রম চলবে। এবার রাঙামাটি জেলায় এক লাখ ৫৪ হাজার ৭৪৯ জনকে টিকাদান করা হবে।"

তিনি আরও বলেন, "এ টিকাদান কর্মসূচিতে সকল জনগোষ্ঠীকে তাদের শিশুকে টাইফয়েড জ্বর থেকে রক্ষা করতে টিকাদানের জন্য উৎসাহিত করা হচ্ছে।"

ইএইচ