কেন্দুয়ায় ইটের দেয়াল দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে গ্রামবাসী

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ১২:০৯ পিএম

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বাড়লা গ্রামে দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ভুক্তভোগী মো. জহিরুল ইসলাম কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-র বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মো. জহিরুল ইসলামের বাড়ির পাশ দিয়ে প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে গ্রামের লোকজন একটি গ্রামীণ কাঁচা রাস্তা ব্যবহার করে আসছিলেন। কিন্তু সম্প্রতি রাস্তাটির পার্শ্ববর্তী বাসিন্দারা মো. ফজলুর রহমান, মতি মিয়া, সবুজ মিয়া, দাদল মিয়া, আবুল মিয়া ও কামাল মিয়া রাস্তাটিতে ইটের দেয়াল নির্মাণ করে চলাচল বন্ধ করে দিয়েছেন।

রোববার সকালে সরেজমিনে গিয়ে স্থানীয় বাসিন্দা মো. আমিনুল ইসলাম, আদম আলী ও রুপ্তন মিয়ার সঙ্গে কথা হলে তারা জানান, এই রাস্তাটি দিয়ে হাওরের মানুষ যাতায়াত করতেন। কিন্তু ইটের দেয়াল নির্মাণের ফলে রাস্তাটি এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। উভয়পক্ষের পারিবারিক বিরোধ থেকেই মূলত এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্বের জেরে বিবাদীরা শত্রুতা করে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন। স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো ফল হয়নি। এতে গ্রামবাসীর চলাচলে মারাত্মক ভোগান্তির সৃষ্টি হয়েছে।

প্রতিপক্ষ মো. ফজলুর রহমান মুঠোফোনে বলেন, বিষয়টি নিয়ে বিস্তারিত মোবাইলে বলা যাবে না, সামনাসামনি আলোচনা করবো।

পাইকুড়া ইউনিয়নের ইউপি সদস্য সানাউল্লাহ মিয়া বলেন, বিষয়টি সমাধানের জন্য স্থানীয়দের সঙ্গে নিয়ে কয়েকবার দেন-দরবার করেছি। কিন্তু উভয়পক্ষের জমি-সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্বের কারণে সমস্যাটির সমাধান করা সম্ভব হয়নি।

পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষকেই শান্ত থাকার পরামর্শ দিয়েছি এবং স্থানীয় ইউপি সদস্য সানাউল্লাহকে বিষয়টি সমাধানের জন্য বলা হয়েছে।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর