টঙ্গীতে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ড: ৪ জন নিহতের ঘটনায় গ্রেপ্তার ১

টিটন কুমার ঘোষ, টঙ্গী প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ১২:০১ পিএম

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ০৩ ফায়ার সার্ভিস কর্মীসহ মোট ৪ জন নিহতের মামলায় অন্যতম অভিযুক্ত সোলাইমানকে (৪৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

সোমবার বিকেল তিনটার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাতে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক পারভেজ রানা।

গ্রেপ্তার সোলাইমান নোয়াখালী জেলার চাটকিল থানার মানিকপুর গ্রামের মৃত মুহাম্মদউল্লার ছেলে। তিনি টঙ্গীর পূর্ব আরিচপুর সাহারা মার্কেট এলাকায় ভাইয়ের সাথে ক্যামিকেল ব্যবসা করতেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ সেপ্টেম্বর বিকেলে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় ফেমাস কেমিক্যাল লি. নামে একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন ফায়ার সার্ভিস কর্মীসহ চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় ২৭ সেপ্টেম্বর ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল মান্নান মামলা দায়ের করেন।

মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশের পাশাপাশি র‍্যাবও গ্রেফতারে মাঠে নেমে গোপন সংবাদের ভিত্তিতে সোলাইমানকে রাজধানী থেকে গ্রেপ্তার করে। পরে তাকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়।

ইএইচ