গাজীপুরে মসজিদ দখল ও অডিটের টানাপোড়েন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০১:৩৯ পিএম

গাজীপুরের কুনিয়া উত্তরপাড়া গাছা সড়কে অবস্থিত ঐতিহ্যবাহী নূরে আকসা জামে মসজিদের পরিচালনা কমিটি গঠন এবং পূর্ববর্তী কমিটির আয়-ব্যয়ের হিসাব নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে সংবাদ সম্মেলন করে পূর্ববর্তী কমিটির হিসাব প্রকাশ, নিরপেক্ষ নির্বাচন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে মসজিদের বর্তমান আহ্বায়ক কমিটির একাংশ।

সোমবার (২০ জুলাই) আয়োজিত সংবাদ সম্মেলনে মসজিদের সদস্যসচিব আব্দুল আউয়াল সরকার লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি দাবি করেন, ২০১৬ সালে মসজিদের ভবন নির্মাণকাজ শুরুর পর থেকে সাবেক পরিচালনা কমিটির দায়িত্বশীলরা এককভাবে আর্থিক লেনদেন পরিচালনা করেছেন। তাদের অভিযোগ, ওই সময়ের আয়-ব্যয়ের পর্যাপ্ত হিসাব, বিল ও ভাউচার সংরক্ষণ করা হয়নি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, স্থানীয় মুসল্লিদের দাবির পরিপ্রেক্ষিতে পূর্ববর্তী হিসাব নিরীক্ষা এবং নতুন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে গত বছর একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তবে সাবেক কমিটির পক্ষ থেকে এখনো পূর্ণাঙ্গ হিসাব বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

এছাড়া অভিযোগ করা হয়, নির্বাচন আয়োজনের প্রস্তুতির মধ্যেই গত ১৭ জুলাই বহিরাগতদের সহায়তায় মসজিদে একটি পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে, যা তাদের দাবি অনুযায়ী নিয়মবহির্ভূত। তবে সংবাদ সম্মেলনে যাদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে, তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলন থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো-নিরপেক্ষ ও নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা কমিটি গঠন, পূর্ববর্তী কমিটির পূর্ণাঙ্গ আয়-ব্যয়ের হিসাব প্রকাশ, সাম্প্রতিক সময়ে মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি ও সংঘর্ষ এড়াতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ওয়াকফ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ নিশ্চিত করা।

এম জি