রাজশাহীতে জামায়াতে ইসলামী’র মানববন্ধন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৮:০৫ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে ‘জুলাই সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে’ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটে রাজশাহী নগরীর জিরো পয়েন্ট থেকে আলুপট্রি ও নিউমার্কেট রোড পর্যন্ত বিস্তৃত এই মানববন্ধনে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান নির্বাচন প্রক্রিয়ায় একদলীয় শাসনব্যবস্থা টিকে আছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। তারা বলেন, “আমরা আর কোনো একদলীয় শাসনব্যবস্থার অধীনে নতুন কোনো ফ্যাসিস্ট শাসক দেখতে চাই না। প্রতিটি ভোটারের মতামতের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে পিআর পদ্ধতিই একমাত্র পথ।”

বক্তারা আরও বলেন, এই পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য, রাজনৈতিক দৃর্বৃত্তায়ন ও পেশীশক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

বক্তারা জানান, বিশ্বের বহু উন্নত দেশে পিআর পদ্ধতির নির্বাচন প্রচলিত। এতে প্রতিটি দলের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন বণ্টন হয়, ফলে ছোট দল, নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘু ও নতুন রাজনৈতিক দলগুলোও সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পায়। এতে সংসদে রাজনৈতিক বৈচিত্র্য বৃদ্ধি পায় এবং সমাজের বিভিন্ন স্তরের কণ্ঠস্বর প্রতিফলিত হয়।

রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে এবং মহানগরী যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নায়েবে আমীর এ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমীর ও রাজশাহী সদর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, এবং সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু প্রমুখ।

জেএইচআর