টাঙ্গাইলের বাসাইলে বাস ও ট্রাকের সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১২ জন।
বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার বাঐখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
হতাহতরা সবাই বাসযাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে।
এ সময় ঢাকাগামী রডভর্তি অন্য একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হন। এ সময় পুলিশ আহত অবস্থায় ১৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ওই তিনজন বাসযাত্রীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ইএইচ