তৃতীয় বিয়ের অনুমতি না পাওয়ায় গাংনীতে প্রবাসীর আত্মহত্যা

মেহেরপুর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৩:১৬ পিএম

তৃতীয় বিয়ের জন্য সম্মতি না দেওয়ায় অপর দুই স্ত্রী ও পরিবারের উপর অভিমান করে মেহেরপুরের গাংনীতে আলমগীর হোসেন নামের এক মালয়েশিয়া প্রবাসী আত্মহত্যা করেছেন। 

শুক্রবার ভোরে গাংনী উপজেলার বামন্দী নিশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রবাসী আলমগীর একই এলাকার নমাজ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দুই সন্তানের জনক আলমগীর হোসেন দীর্ঘদিন প্রবাসে থাকার পর কিছুদিন আগে দেশে এসেছেন। বর্তমানে সংসারে তার দুই স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। এমতাবস্থায় তিনি তৃতীয় বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। এতে দুই স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা সম্মতি না দেওয়ায় বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে মনোমালিন্য হয়। 

পরে গভীর রাতে তিনি নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস নেন। ভোরে পরিবারের লোকজন তাকে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

ইএইচ