খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় শান্তি পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর সোয়া ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের মাটিরাঙ্গা সদর ইউনিয়নের সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাঙামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস সাপমারা এলাকায় পৌঁছালে পুলিশ চেকপোস্টের পর পাহাড় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এ ঘটনায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা দুইজনের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন— দীঘিনালা উপজেলার কোবাখালী ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার বিন্দু চাকমার ছেলে অনিল চাকমা (৩২), তিনি বাসটির সুপারভাইজার ছিলেন, এবং দীঘিনালা উপজেলার কোবাখালী ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে আবদুর রাজ্জাক সওদাগর (৭২)।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে। এর মধ্যে ৬ জনকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৭ জনকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
মাটিরাঙ্গা থানা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী বলেন, “রাঙামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।”
ইএইচ