কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুরে নিজ বসতঘরের বারান্দায় মোশারফ হোসেন মুসা (৫৫) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।
রোববার সকালে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত মোশারফ হোসেন মুসা একই এলাকার মৃত আকবর মণ্ডলের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহত ব্যক্তির বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুসা তার বসতঘরের বারান্দায় ঘুমাতেন। প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি ঘুমিয়ে পড়েন। ভোরে পরিবারের লোকজন বাইরে বের হয়ে মুসার রক্তাক্ত লাশ দেখতে পান।
ভ্যান চুরি করতে এসে মুসাকে হত্যা করা হয়েছে এমন ধারণা করলেও পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহতের মেয়ে শিখা বলেন, “ভ্যান চুরির জন্য আমার বাবাকে কখনো এমন নির্মমভাবে হত্যা করা সম্ভব নয়। পূর্ব শত্রুতার জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।”
তিনি এই হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
এ বিষয়ে জানতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, “নিহত ব্যক্তির বুকে হাসুয়া জাতীয় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। শুধু ভ্যান চুরির জন্য এমন নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়নি। তা হলে অপরাধীরা ভ্যানও সঙ্গে করে নিয়ে যেত। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হবে।”
ইএইচ