চট্টগ্রাম বন্দরে বর্ধিত গেটপাস ফি স্থগিত

চট্টগ্রাম ব্যুরো প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৫:২৬ পিএম

চট্টগ্রাম বন্দরে প্রবেশের ক্ষেত্রে যানবাহনের বর্ধিত গেটপাস ফি (বাড়তি মাশুল) স্থগিত করেছে বন্দর কর্তৃপক্ষ। এতে বন্দরে সৃষ্ট অচলাবস্থা সাময়িকভাবে নিরসন হলো।

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন, পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে বর্ধিত ফি আপাতত স্থগিত থাকবে।

রোববার বিকেলে পরিবহন শ্রমিক ও মালিক প্রতিনিধিদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের আলোচনার পর এ সিদ্ধান্তের কথা জানান বন্দর সচিব মো. ওমর ফারুক।

তিনি বলেন, “শনিবার থেকে চট্টগ্রাম বন্দরে ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও ট্রেইলার চলাচল বন্ধ ছিল। ফলে আমদানি পণ্যের ডেলিভারি বন্ধ হয়ে যায়। বিষয়টির সঙ্গে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম জড়িত। তাই বন্দর চেয়ারম্যানের সভাপতিত্বে শ্রমিক ও মালিকদের সঙ্গে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। সরকারি অনুমোদনক্রমে জারি করা এ গেজেট তাৎক্ষণিকভাবে বন্দর প্রশাসন পরিবর্তন বা স্থগিত করতে পারে না। তবে পরিবহন শ্রমিকদের বিষয়টি বিবেচনা করে যানবাহনের ক্ষেত্রে বর্ধিত গেটপাস ফি পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, “বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সুপারিশসহ প্রস্তাব পাঠাব। বোর্ডের সিদ্ধান্তের পর মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রস্তাব অনুমোদন হয়ে এলে সবাইকে জানানো হবে কী সিদ্ধান্ত হয়েছে। আপাতত ফি স্থগিত থাকবে। উপস্থিত শ্রমিক ও মালিক প্রতিনিধিরা আশ্বস্ত করেছেন, তারা কাজে ফিরে যাবেন। বর্তমানে বন্দরের বাইরে প্রায় ৬ হাজার ট্রাক ও কাভার্ডভ্যান অপেক্ষা করছে, এগুলো এখন ডেলিভারি ও রপ্তানি কাজে নিয়োজিত হবে।”

বৈঠকের পর বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক মো. শামসুজ্জামান সুমন বলেন, “বৈঠকে বর্ধিত প্রবেশ ফি স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। আমরা আমাদের সংগঠনভুক্ত সবাইকে কাজে ফিরতে বলেছি।”

এর আগে, গত ১৫ অক্টোবর চট্টগ্রাম বন্দরে ভারী গাড়ির প্রবেশ ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা নির্ধারণ করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার থেকে কনটেইনার পরিবহনের ট্রেইলার, ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রাখেন মালিক-শ্রমিকরা।

ইএইচ