বান্দরবানে হ্যান্ড গ্রেনেড ও অস্ত্রসহ আটক ২

আলমগীর সুমন, বান্দরবান প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৯:০৯ পিএম

বান্দরবানের থানচিতে যৌথ অভিযানে হ্যান্ড গ্রেনেড, পিস্তল, বন্দুক ও কার্তুজসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

রোববার সন্ধ্যায় ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন—ওয়েবার ত্রিপুরা (৩৩) ও রুইহং ম্রো (৬০)। তারা বান্দরবানের থানচি উপজেলার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বলিপাড়া জোনের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে টাস্কফোর্সের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। এরই অংশ হিসেবে গত ১৭ অক্টোবর শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ওয়েবার ত্রিপুরা (৩৩) কে আটক করা হয়।

ওয়েবার ত্রিপুরাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনা করে বলিপাড়া জোনের উপ-অধিনায়কের নেতৃত্বে যৌথ অপারেশনের মাধ্যমে জোনের অধীনস্থ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়েবার ত্রিপুরার সহযোগী ও অবৈধ অস্ত্র চোরাচালানকারী রুইহং ম্রোকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ রাউন্ড কার্তুজ, ১টি গ্রেনেড, ১টি ম্যাগাজিন, ১টি দেশীয় পিস্তল, ১টি মর্টারের গোলার বক্স, ২টি গাদা বন্দুক, ২টি মোবাইল ফোন এবং ১টি কৃষি ব্যাংকের চেকবই উদ্ধার করা হয়।

পরে আটককৃতদের থানচি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, বলিপাড়া জোন পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে আপসহীনভাবে দায়িত্ব পালন করছে। বর্তমানে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতেও তা চলমান থাকবে বলে জানান তিনি।

ইএইচ