মাগুরায় শিল্প সচিবের সঙ্গে সরকারি দপ্তরগুলোর মতবিনিময় সভা

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০৬:০২ পিএম

মাগুরা জেলার উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানো ও সেবার মানোন্নয়নে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান। তিনি জেলার বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা ও বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে মতবিনিময় করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, মাগুরা মো. অহিদুল ইসলাম।

মতবিনিময় সভায় শিল্প সচিব বলেন, উন্নয়নের মূল চালিকাশক্তি হচ্ছে দক্ষ ব্যবস্থাপনা ও আন্তঃদপ্তর সহযোগিতা। সরকারি সেবার মান বৃদ্ধি ও শিল্পায়নের প্রসারে সবাইকে একযোগে কাজ করতে হবে।

জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেন, সমন্বিত উদ্যোগ ও টিমওয়ার্কের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। মাঠপর্যায়ের কর্মকর্তাদের কার্যসম্পাদনের দক্ষতা বাড়াতে কার্যকর যোগাযোগ অপরিহার্য।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপপরিচালক, স্থানীয় সরকার (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুল কাদের। তিনি বলেন, জেলার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রত্যেক দপ্তরকে নির্ধারিত সময়সূচি ও কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। স্থানীয় পর্যায়ে সেবার মান নিশ্চিত করতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে কাজের গতি বাড়াতে পারলে জেলার সার্বিক উন্নয়ন আরও টেকসই হবে।

সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচআর