কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে দুদক ও স্বাস্থ্য বিভাগের অভিযান

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৬:১৯ পিএম

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে জনবল নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও স্বাস্থ্য বিভাগ।

অভিযোগ খতিয়ে দেখতে সোমবার বেলা ১১টার দিকে দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার একটি টিম সিভিল সার্জন অফিসে যায়। 

পরে বেলা ১২টার দিকে স্বাস্থ্য বিভাগের একটি উচ্চপর্যায়ের টিম অভিযোগ তদন্তে ওই কার্যালয়ে যান। এ সময় উভয় টিমের সদস্যরা সিভিল সার্জন ডা. শেখ মো. কামাল হোসেন, কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আরএমও হোসেন ইমামসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরে দুদক টিমের সদস্যরা নিয়োগ পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের মোবাইল ফোন জব্দ করেন।

স্বাস্থ্য বিভাগের টিমে নেতৃত্ব দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী। এছাড়া দুদকের টিমের নেতৃত্বে ছিলেন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-পরিচালক মইনুল আহসান রওশনী।

পরে উভয় টিম প্রধান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তবে এদিন আরএমও ডাক্তার হোসেন ইমাম ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা পুনরায় গণমাধ্যম কর্মীদের কাছে অস্বীকার করেন।

ইএইচ