পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।
মঙ্গলবার সকাল ১১টায় দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার আগে জেলা প্রশাসক মো. সাবেত আলী দেবীগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয়ে স্থাপিত পানির ফোয়ারা ও শহীদ সাজু লাইব্রেরির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান, দেবীগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. ইফতেহাম আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা, যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক ওয়াশিশ আলমসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় জেলা প্রশাসক কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, সেবা প্রদান প্রক্রিয়া ও জনসেবার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন।
পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেছেন, “আমরা এখানে যারা বসে আছি, তাদের বেশিরভাগই কৃষক পরিবারের সন্তান। আমিও একজন কৃষক পরিবারের সন্তান। সামনে জাতীয় নির্বাচন, নির্বাচনের আগে আমাদের সবারই বদলি হতে পারে। তবে যেখানে যাই না কেন, আমাদের দায়িত্ব হবে এমন পরিবেশ তৈরি করা, যাতে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।”
তিনি আরও বলেন, “এই দেশে যদি প্রকৃত লিডারশিপ থাকত, তাহলে বাংলাদেশ আজ সিঙ্গাপুর বা জাপানের মতো উন্নত দেশে পরিণত হতো।”
ইএইচ