পঞ্চগড়ের দেবীগঞ্জে ২০০৬ সালের পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় দেবীগঞ্জ বিজয় চত্বরে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান, বোদা উপজেলার বিশিষ্ট রাজনীতিবিদ ও পঞ্চগড়-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সফিউল আলম সফিউল্লাহ সুফি।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল বাসেত, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, অনুষ্ঠানটি ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বেলাল হোসেন, এবং সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক জাকিউর রহমান।
আলোচনা সভায় বক্তারা ২০০৬ সালের পল্টন ট্রাজেডির শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং এ ঘটনার মাধ্যমে দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে যে অধ্যায় রচিত হয়েছে তা স্মরণ করেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে আবুল বাশার বসুনিয়া বলেন, “২৮ অক্টোবর ২০০৬ সালের পল্টন ট্রাজেডি জামায়াতে ইসলামীর ওপর নৃশংস নির্যাতনের এক ভয়াবহ দৃষ্টান্ত। কিন্তু সেই নির্যাতনে জামায়াতকে দমিয়ে রাখা যায়নি। আজ যারা জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের পরিণতিও ইতিহাসের মতোই হবে। জামায়াতে ইসলামী একটি আদর্শিক দল দমন-নিপীড়নে এ আদর্শ কখনও মুছে যাবে না।”
অনুষ্ঠান শেষে পল্টন ট্রাজেডি নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়।
ইএইচ