কেন্দুয়ায় জুয়া আইনে জব্দকৃত ষাঁড় প্রকাশ্য নিলামে বিক্রি

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৪:০৪ পিএম

নেত্রকোণার কেন্দুয়ায় “বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭” ধারা ১১ লঙ্ঘনের অভিযোগে জব্দকৃত একটি ষাঁড় প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আশুজিয়া ইউনিয়নের কৃষ্ণরামপুর বাজার থেকে জব্দকৃত ষাঁড়টি রামপুর বাজারে প্রকাশ্য ডাকে ১ লাখ ৩১ হাজার টাকায় নগদ বিক্রি করা হয়।

জানা গেছে, ষাঁড়ের লড়াইয়ের নামে চলা জুয়ার ঘটনায় কেন্দুয়া থানা পুলিশ প্রথমে ষাঁড়টি জব্দ করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম-উল ইসলাম চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। অভিযুক্ত কাউকে পাওয়া না যাওয়ায় ষাঁড়টি মোবাইল কোর্ট আইনের ১২(২) ধারা মোতাবেক ডিজপোজাল/বিলিবন্দেজের জন্য নিলামে তোলা হয়।

কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন বলেন, জুয়া খেলা বন্ধে প্রশাসনের অভিযান প্রশংসনীয়। আশা করি, এমন কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে জনমনে শান্তি বিরাজ করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম-উল ইসলাম চৌধুরী জানান, জুয়া প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে। মোবাইল কোর্ট আইনের ধারায় জব্দকৃত ষাঁড়ের নিলাম সম্পন্ন হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ষাঁড়ের লড়াইয়ে তারা অতিষ্ঠ ছিলেন। প্রশাসনের এই পদক্ষেপে তারা স্বস্তি অনুভব করছেন।

জেএইচআর