নির্বাচনী তফসিল ঘোষণার সাথে সাথেই মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে শহরজুড়ে সৃষ্টি হয়েছে ভোটের আমেজ।
শহরের প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া-মহল্লা, বাজার, গ্যারেজ সবখানেই চোখে পড়ছে প্রার্থীদের ফেস্টুন, পোস্টার ও ব্যানারের রঙিন সমাহার। নির্বাচনী আমেজে এখন সরব পুরো শ্রমিক সমাজ।
প্রতিবারের মতো এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নতুন মুখসহ অভিজ্ঞ নেতারা।
বর্তমান নেতৃত্ব বলছেন, অবকাঠামো উন্নয়ন ও শ্রমিক অধিকারের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও তাদেরই ভোট দেবেন শ্রমিকরা। প্রতিদিনই চলছে প্রার্থীদের বৈঠক, গণসংযোগ ও মতবিনিময় সভা। বিভিন্ন প্রার্থী তাদের শ্রমিকদের কাছে সমর্থন চাইছেন।
ইতোমধ্যেই বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। গত ২৭ অক্টোবর ত্রি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মারুফ আহম্মেদ বিজন স্বাক্ষরিত তফসিল ঘোষণা করা হয়েছে।
ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদের প্রচারণা চলছে। বর্তমানে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভোটার সংখ্যা ৪ হাজার ২২০ জন।
এ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র উত্তোলনের আগেই সকলে কোমর বেঁধে নেমেছে প্রচার-প্রচারণায়। ঘোষিত তফসিলের তথ্যমতে নির্বাচনের প্রথম ধাপে সদস্যদের বকেয়া সহ মাসিক চাঁদা পরিশোধ করে ভোটার তালিকা হালনাগাদের শেষ সময় ৫ নভেম্বর রাত ১০টা পর্যন্ত।
খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৬ নভেম্বর রাত ১০টায়। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও আপত্তি-নিষ্পত্তি হবে ৭ নভেম্বর দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত।
নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র বিক্রয় করা হবে ৮ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র জমা করা যাবে ৯ নভেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। পরের দিন ১০ নভেম্বর সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দুই ধাপে মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি এবং চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা ১২টা এবং সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে। শুরু হবে প্রতীক নিয়ে প্রার্থীদের মাঝে নতুন উদ্দীপনায় প্রচার-প্রচারণার ধুম। জেলার শ্রমিকদের সঠিক নেতৃত্ব দিয়ে তাদের কল্যাণ করার প্রত্যাশা নিয়ে ভোটারদের কাছে টানতে শুরু হবে রাত-দিন ছুটে চলা।
শেষ হাসি কে বা কারা হাসবেন সেই প্রতীক্ষার অবসান ঘটাতে ১৭ নভেম্বর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। বিকেল ৫টার পরে ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।
ইএইচ