রাঙামাটিতে র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস উদযাপন

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ১১:৪৫ এএম

৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উপলক্ষে রাঙামাটিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে শনিবার সকাল ১০টায় জেলা পরিষদ এনেক্স ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

“সাম্য সমতায় দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। 

সভাপতিত্ব করেন জেলা সমবায় কর্মকর্তা মৌসুমী ভট্টাচার্য্য এবং সঞ্চালনা করেন শিক্ষক আব্দুল কাদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ইমরানুল হক ভুইয়া, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শাওন ফরিদ, জেলা প্রশাসক কার্যালয় কর্মচারী সমবায় সমিতির সভাপতি জগৎজ্যোতি চাকমা, আলোড়ন মহিলা সমবায় সমিতির সভাপতি নুরজাহান বেগম পারুল, আসবাবপত্র সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর শুক্কুরসহ বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী ৬টি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক, সদর উপজেলাধীন ৪টি প্রতিষ্ঠানকে জাতীয় সমবায় পুরস্কার এবং সফল সমবায় হিসেবে ৩টি প্রতিষ্ঠান ও একজন নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।

এর আগে সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। 

র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। শেষ পর্যায়ে জাতীয় সংগীত পরিবেশনসহ জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

ইএইচ