গত শনিবার বিকাল থেকে শুরু হওয়া কর্মসূচির আজ টানা তৃতীয় দিন চলছে। ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষ হবে সোমবার সন্ধ্যায়। এরপর রাতে বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে তারা কি ধরনের কর্মসূচি ঘোষণা করবেন।
অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বগুড়া রোডস্থ স্যালাইন কারখানার সামনে চাকরি থেকে ছাঁটাই হওয়া ৫শ’ ৭০ জন শ্রমিক রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছে। শ্রমিক নেতারা বলছেন, তারা সন্ধ্যার পর বৈঠকে বসবেন। চাকরি ফিরে পেতে তারা বড় ধরনের কর্মসূচি দেয়ার সিদ্ধান্ত নিবেন। যেহেতু মালিকপক্ষ এখন পর্যন্ত তাদের সাথে কোন যোগাযোগ করেনি।
চাকরিহারা শ্রমিকদের অবস্থান কর্মসূচিতে বিএনপি ও জামায়াতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসে সহমত পোষণ করেছেন।
শ্রমিকরা আরো জানান, কারখানাটিতে প্রথমবারের মত শ্রমিক সংগঠনের আত্মপ্রকাশের মাত্র এক মাসের মাথায় শ্রমিক ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত নিলো প্রতিষ্ঠানটি।
ধারণা করা হচ্ছে বেতন বৃদ্ধিসহ আনুষঙ্গিক ঝামেলা এড়াতেই এ ছাঁটাইয়ের সিদ্ধান্ত হতে পারে। এমনটাই মনে করছেন চাকুরিচ্যুত অনেক শ্রমিক।
জেএইচআর