ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ (সদর–মুজিবনগর) থেকে মাসুদ অরুণ এবং মেহেরপুর-২ (গাংনী) থেকে আমজাদ হোসেনকে বিএনপির এমপি প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।
নানা জল্পনা–কল্পনা শেষে সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেহেরপুর জেলার ২টি আসনসহ ২৩২টি আসনের তালিকা প্রকাশ করেন।
মনোনয়নের তালিকা প্রকাশের পর আমজাদ হোসেন ও মাসুদ অরুণের সমর্থকদের মধ্যে বইছে আনন্দের বন্যা। নেতাকর্মীরা প্রিয় নেতাদের অভিনন্দন জানাতে ভিড় করছেন তাদের কার্যালয়ে। বিভিন্ন এলাকায় চলছে আনন্দ মিছিল।
মাসুদ অরুণ মেহেরপুর-১ আসনে বিএনপির সাবেক এমপি, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। আমজাদ হোসেনও সাবেক এমপি। ২০০৮ সালের নির্বাচনে বিএনপি যেকয়টি আসন পেয়েছিল তার মধ্যে আমজাদ হোসেনের মেহেরপুর-২ আসনটি অন্যতম।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে মেহেরপুর-১ আসন থেকে ৩ জন গুলশান অফিসে ডাক পেয়েছিলেন। তারা হলেন, সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান এবং বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন।
মেহেরপুর-২ আসন থেকে গুলশানে ডাকা হয়েছিল সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে।
ইএইচ