আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী–মুকসুদপুর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সেলিমুজ্জামান সেলিম। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক।
সোমবার সন্ধ্যায় সারাদেশের জন্য ঘোষিত ২৩৭টি আসনের ধানের শীষ প্রতীকে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই তালিকায় গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিমের নাম ঘোষণা করা হয়।
মনোনয়ন পাওয়ার পর নিজের ফেসবুক পেজে সেলিমুজ্জামান সেলিম লিখেন, “আলহামদুলিল্লাহ, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় হবেই ইনশাআল্লাহ।” পরে তিনি গোপালগঞ্জ-১ আসনের কয়েকজন নেতাকে ফোন করে কোনো ধরনের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ না করার নির্দেশ দেন।
কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় মনোনয়ন পাওয়ার পর গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় সেলিমুজ্জামান সেলিম বলেন, “সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর আমার দল এবং দেশের মানুষ বহু কষ্ট ও ত্যাগের বিনিময়ে আবার নির্বাচনমুখী হয়েছে, আমিও সেই ত্যাগের একজন অংশীদার। আল্লাহপাক যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে উপজেলার সাধারণ মানুষের উন্নয়ন করতে নিজেকে বিলিয়ে দেব।”
ইএইচ