নেত্রকোণার কেন্দুয়ায় সরকারি নির্দেশনা অমান্য করে রাস্তা দখল, যত্রতত্র পার্কিং ও ড্রাইভিং লাইসেন্সবিহীনভাবে যান চালানোর দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট সাতটি মামলায় ৭ জনকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত কেন্দুয়া উপজেলার কেন্দুয়া মডেল স্কুলের সামনে ও বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দণ্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মোট ৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।
এ সময় জনসাধারণকে পথচারী ও যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয় এবং ভবিষ্যতে নিয়ম না মানলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়।
অভিযানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
ইএইচ