ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নতুন করে মাথাচাড়া দিয়েছে সংঘবদ্ধ বিকাশ প্রতারক চক্র। আধুনিক কৌশলে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ও ধোঁকা দিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এতে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতারকরা মূলত দুইটি কৌশলে সাধারণ মানুষকে টার্গেট করছে। প্রথমত, ফোনে নিজেদের পুলিশ কর্মকর্তা বা এসআই পরিচয় দিয়ে জানায়,“আপনার আত্মীয় মাদকসহ ধরা পড়েছে, মামলা এড়াতে দ্রুত টাকা পাঠান।” এই ফাঁদে পড়ে উপজেলা ছাত্রদল নেতা জিকরুল হাসান জিকু ১৩ হাজার টাকা হারিয়েছেন।
অন্যদিকে, বিকাশ অফিসের কর্মী পরিচয় দিয়ে বলা হয়, “আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, এখনই কোড বা নির্দিষ্ট পরিমাণ টাকা না দিলে বন্ধ হয়ে যাবে।” এই ফাঁদে পড়ে পৌর এলাকার মাহমুদা আক্তার ২০ হাজার টাকা, আর সোহাগি ইউনিয়নের মর্জিনা খাতুন ২০ হাজার টাকা হারিয়েছেন।
স্থানীয় বিকাশ এজেন্ট আজহারুল ইসলাম জানান, প্রতারণার এই চক্রটি অত্যন্ত সংগঠিত। একদল দোকানে কাস্টমারের ভিড়ে দাঁড়িয়ে থেকে কে কত টাকা লেনদেন করছে তা নজর রাখে, এরপর আরেক দল সেই তথ্য ব্যবহার করে প্রতারণা চালায়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান বলেন, “প্রতারকরা সাধারণ মানুষের ভোটার আইডি ব্যবহার করে সিম নিবন্ধন করে প্রতারণা চালাচ্ছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই। কোনো ভয়ভীতি বা সহানুভূতিতে টাকা লেনদেন করবেন না। বিকাশ বা পুলিশ কখনো এভাবে টাকা চায় না।”
ইএইচ