জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করতে মাইক দিয়ে ঘোষণা দিয়েছেন বড় ভাই। ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায়।
জানা যায়, উপজেলার বৈরীহরিণমারী গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে আব্দুল কদ্দুস মিয়া বৃহস্পতিবার সকালে রিক্সায় করে গোটা গ্রামে মাইক দিয়ে ঘোষণা দেন, আগামীকাল শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের পর ছোট ভাই হাবিজারের সঙ্গে মারামারি করবেন নিজেদের পানের বরজ এলাকায়। এমন ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
স্থানীয় হামিদা খাতুন বলেন, “জুমার নামাজের পর ছোট ভাই হাবিজারের সঙ্গে মারামারি করবেন কদ্দুস ভাই এই কথা আমরা মাইক দিয়ে শুনেছি।”
এ বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি ভুট্রু বলেন, “খবর পেয়ে বড় ভাই আব্দুল কদ্দুস মিয়াকে থানায় ডেকে আনা হয়েছে। তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এমন অনাকাঙ্খিত ঘটনা যাতে আগামীকাল না ঘটে, সেদিকে নজরদারি রাখা হচ্ছে।”
ইএইচ