ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম বলেছেন,“এই দিনেই দেশ ও জাতি আবার নতুন করে আমাদের স্বাধীনতার মুক্তি হয়েছিলো। যে স্বাধীনতা আমরা একাত্তরে অর্জন করেছিলাম বিজয়ের মধ্য দিয়ে, সেটি জাতির মুক্তি ছিল না এবং সেদিন জাতির মুক্তি হয়নি। ১৯৭৫ সালের ৭ নভেম্বর এই দিনেই বাংলাদেশের জাতির মুক্তি হয়েছিলো এবং আমাদের স্বাধীনতার মুক্তি হয়েছিলো, আমাদের কথা বলার স্বাধীনতার মুক্তি হয়েছিলো।”
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন মহিলা দল ও ছাত্রদল আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী–জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশকে সেই কাঙ্ক্ষিত পথে ফিরিয়ে আনার এক সম্ভাবনা তৈরি হয়েছিল, যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম মহান মুক্তিযুদ্ধের পূর্বে। যেখানে প্রতিটি মানুষের স্বাধীনতা থাকবে, প্রতিটি মানুষের মৌলিক অধিকার থাকবে, প্রতিটি মানুষ নিজের মতো করে বাঁচবে এবং নিজের মতো করে নিজের সরকার গঠন করতে পারবে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বেই শুধু আসেননি, তিনি পুরো একটি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।”
সেলিমুজ্জামান বলেন, “আমি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে থাকতে চাই এবং আমি বিশ্বাস করি, আপনারা আগামীতে যদি সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার সুযোগ পান, অবশ্যই আপনারা ধানের শীষে ভোট দেবেন এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন।”
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা এবং বিশিষ্ট লেখক রাজনৈতিক বিশ্লেষক সাবরিনা বিনতে আহমেদ, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, কাশিয়ানী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক নুর এ. বোরহান লিটন, ছাত্র বিষয়ক সম্পাদক বিল্লাল খান, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল, সদস্য সচিব আরিফুল ইসলাম পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিচুর রহমান লিমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, সদস্য সচিব মো. মিলন খান, উপজেলা মহিলা দলের সভাপতি শেখ শিলা, সাধারণ সম্পাদক ফারজানা পপি, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেলসহ কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), সাংবাদিক মো. জুবায়ের রহমান লিপুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ইএইচ