জিয়া পরিবারের মঙ্গল কামনায় ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিতরণ করা হয়েছে ৬০ লাখ টাকার আর্থিক অনুদান। স্থানীয়ভাবে বাছাই করা ৩০০টি দরিদ্র পরিবার পেয়েছেন ২০ হাজার টাকা করে নগদ সহায়তা, যা তাদের জীবনে এনে দিয়েছে সাময়িক স্বস্তি ও আশা। এ সময় অনুদান পেয়ে অসহায় মানুষরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক সহযোগিতায় এবং বগুড়া-২ শিবগঞ্জ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলমের প্রচেষ্টায় এ অনুদান কার্যক্রম বাস্তবায়ন করেছে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ।
রোববার সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে অর্থ সহায়তা প্রদান করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মো. হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন। এসময় প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলায় ইসলামিক সেন্টার স্থাপনের ঘোষণা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের অন্যান্য কর্মকর্তা মো. আখলাছুর রহমান, মিরাজ হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলায় একসাথে ৩০০ পরিবারকে একযোগে ৬০ লাখ টাকার অনুদান বিতরণ এই প্রথম বাস্তবায়িত হলো।
ইএইচ