নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া পৌরসভার অধীন বাদে আঠারবাড়ী গ্রামের রাব্বি হাসান অনিক (১৮) নামের এক কলেজ ছাত্রের কীটনাশক পানে আত্মহত্যার খবর পাওয়া গেছে।
নিহত রাব্বি বাদে আঠারবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে এবং সে ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। সে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাব্বির মোবাইল ফোনটি কয়েকদিন আগে হারিয়ে যায়। পরে সে তার বাবা-মাকে নতুন আরেকটি মোবাইল কিনে দিতে বলে। বাবা-মায়ের সঙ্গে অভিমান করে শনিবার রাত ১০টার দিকে নিজ বাড়িতে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে রাব্বি।
পরে তার শরীরের অবস্থা খারাপ হতে থাকলে পরিবারের লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে রবিবার রাত ৮টা ৩০ মিনিটের দিকে সেখানেই তার মৃত্যু হয়।
সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
রাব্বির সহপাঠী মো. সাইম বলেন, “গত কিছু দিন আগে প্রাক-নির্বাচনী পরীক্ষা শেষ করে রাব্বি গ্রামের বাড়িতে আসে। পরে গতকাল রাতে আমরা জানতে পারলাম রাব্বি কীটনাশক পানে মারা গেছে।” তিনি আরও বলেন, “রাব্বি খুব ভালো ছেলে ছিল। সবার সঙ্গে হাসিখুশিতে থাকতে পছন্দ করত। তার মৃত্যুতে আমরা খুবই মর্মাহত।”
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান আজ সকালের দিকে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে কীটনাশক পানে কলেজ ছাত্র রাব্বির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ইএইচ