মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, প্রতিপক্ষের গুলিতে নিহত ১

আরাফাত রায়হান সাকিব, মুন্সীগঞ্জ প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৫:৪৯ পিএম

মুন্সীগঞ্জে সদরে মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে আরিফ মীর নামের একজন নিহত হয়েছে। 

সোমবার ভোর ৭টার দিকে ইউনিয়নের চরডুমুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আরিফ চরডুমুরিয়া এলাকার খবির মীরের ছেলে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান মল্লিক ও ইউনিয়ন বিএনপি সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেনের গ্রুপের পূর্ববিরোধ চলছিল। 

পূর্ববিরোধকে কেন্দ্র করে সোমবার সকালে সমর্থকদের মধ্যে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি বিনিময় চলছিল।

এ সময় আওলাদ গ্রুপের আরিফ মীর গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে আরিফ হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেন। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইএইচ