ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লেগে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার ভালুকজান এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানান, আলম এশিয়া পরিবহনের একটি বাস ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে ছিল। বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন ভালুকজান গ্রামের বাসিন্দা জুলহাস মিয়া (৪০)। হঠাৎ মুখোশ পরা তিনজন ব্যক্তি দ্রুত এসে বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখোশ পরা তিনজন মাত্র তিন সেকেন্ডের মধ্যে বাসে আগুন দিয়ে চলে যায়। এতে ভেতরে থাকা জুলহাস পুড়ে মারা যান। নিহত ব্যক্তি বাসটির চালক ছিলেন বলে ধারণা করছি। আমরা বিস্তারিত খোঁজ নিচ্ছি এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
জেএইচআর