ট্রেনের ইঞ্জিনে আগুন, ময়মনসিংহে রেল যোগাযোগ দুই ঘন্টা পর সচল

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০২:২৭ পিএম

ময়মনসিংহের গৌরীপুরে জারিয়া অভিমুখী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইঞ্জিন বিকল হওয়ায় প্রায় দুই ঘণ্টা ওই রুটে রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে বিকল্প ইঞ্জিন সংযুক্ত করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে গৌরীপুর রেলস্টেশনের কাছে ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জারিয়া অভিমুখে চলাচলরত বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগে। এতে ইঞ্জিন বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, পরে বিকল্প ইঞ্জিন এনে শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনটি নেওয়া হয় এবং নতুন ইঞ্জিন সংযোগের পর ট্রেনটি ছেড়ে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনটি বিকল হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিকল ইঞ্জিনটি বর্তমানে শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশনে রাখা আছে।

জেএইচআর