নকলায় ৩ বেকারির মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা

নকলা (শেরপুর) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৭:১৩ পিএম

শেরপুরের নকলায় ৩টি বেকারির মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে এ আদালত পরিচালনা করা হয়। জরিমানা করা বেকারি ৩টি হলো— রাতুল বেকারি, আল-মমিন বেকারি ও আল-কাইয়ুম বেকারি।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর লাইসেন্স ব্যতীত এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও সংরক্ষণের অপরাধে এ জরিমানা করা হয়। নির্বাহী বিচারক হিসেবে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

আদালত পরিচালনায় বিএসটিআই-এর ফিল্ড অফিসার ও নকলা থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। এ সময় বিএসটিআই ফিল্ড অফিসার (সিএম)সহ পুলিশ বিভাগের লোকজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আদালতের নির্বাহী বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় তথা জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

ইএইচ