কাযর্ক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে মানিকগঞ্জে জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। পরে রাজ হোটেলের সমানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, ইসলামী আন্দোলনের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সোলায়মান হোসেন, সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রাজ্জাক ফয়েজী, জামায়াতের সদর থানা আমির মো. ফজলুল হক, পৌর আমির হুমায়ুন কবির, ছাত্রশিবিরের জেলা সভাপতি মনিরুজ্জামান, সিঙ্গাইর উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল্লাহ, পৌরসভার ৭ ওয়ার্ড সভাপতি আক্কাস আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, “আওয়ামী লীগ দেশের জনগণের ওপর আবারও দমন–পীড়নের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা রাজনৈতিক মাঠে টিকে থাকতে না পেরে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। দেশের শান্তিশৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।”
ইএইচ