রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের স্থগিতকৃত শিক্ষক নিয়োগ পরীক্ষা ২১ নভেম্বর

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০৬:০২ পিএম

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীনে স্থগিতকৃত সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২১ নভেম্বর পুনঃনির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কফিল উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটি জেলার সহকারী শিক্ষক নিয়োগ ও বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীনে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ১৪ নভেম্বর তারিখের স্থগিতকৃত লিখিত পরীক্ষা আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে। 

এছাড়া, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিবর্তে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রার্থীদের রাঙামাটি সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে হবে।

উল্লেখ্য, ১৪ নভেম্বর সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মঙ্গলবার জেলা পরিষদ এক বিবৃতি দিয়ে পরীক্ষা স্থগিত করে। এর পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার এবং পূর্বনির্ধারিত ১৪ নভেম্বর পরীক্ষা গ্রহণের দাবিতে জেলা পরিষদ ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ করেন পরীক্ষার্থীরা।

বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা জানান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কর্তৃপক্ষ তাদের সঙ্গে বৈঠক করে ২১ নভেম্বর সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান। তারা আরও বলেন, এই পরীক্ষায় কোনো অসাধু উপায়ে লেনদেন করা যাবে না। বাঘাইছড়ি কেন্দ্রের পরীক্ষাটি লেকার্স পাবলিক স্কুলে হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হবে রাঙামাটি সরকারি কলেজে। যেহেতু ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, তাই কিছু কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। সাংস্কৃতিক ইনস্টিটিউটে যে পরীক্ষা হওয়ার কথা, সে বিষয়ে কর্তৃপক্ষ পরবর্তীতে জানিয়ে দেবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর পরীক্ষার্থীরা নিজ নিজ অবস্থানে ফিরে গিয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখযোগ্য যে, ২০২২ সাল থেকে রাঙামাটি জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে। ইতোমধ্যে ৫৮৯টি পদ শূন্য হয়েছে। এ পরীক্ষায় মোট ৬ হাজার ৬৪৮ জন প্রার্থী আবেদন করেছেন।

ইএইচ