ভারতের আজমিরে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশিকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের লালগাঁও এলাকায় ঢোকার চেষ্টা করলে তাঁরা আটক হন।
এরপর বৃহস্পতিবার পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার হাট সীমান্ত এলাকায় আটক তিনজনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে তাঁদের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়।
আটক বাংলাদেশিরা হলেন- ঢাকার কেরানীগঞ্জের যুবরাজ, সুনামগঞ্জের ছাতকের শিপন মিয়া এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়ার জাহিদুল ইসলাম জুনায়েদ।
ঘটনার বিষয়ে লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সুবেদার মো. মোস্তফা কামাল বাদী হয়ে তাহিরপুর থানায় তাঁদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করেছেন।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তিরা ভারতের আজমিরে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেছিলেন।
জেএইচআর