ফেনীর পরশুরামে একটি অভিযোগের বিষয়ে তদন্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক ও দুই সদস্য।
শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ কোলাপাড়ার গুনাগাজী মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পরশুরাম মডেল থানা পুলিশের উপপরিদর্শক মুন্না দে, কনস্টেবল নাজমুল ইসলাম ও রুহুল আমিন।
পুলিশ জানায়, উপজেলার দক্ষিণ কোলাপাড়া গুনাগাজী মজুমদার বাড়ির নাসির উদ্দিনের স্ত্রী শেফালী আক্তার পারিবারিক বিরোধ ও মারধরের অভিযোগ তুলে তার প্রতিবেশী ফারুক মিয়া, তার ছেলে রাজিব মজুমদার ও এমাম হোসেন ফয়সালের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
তদন্ত করতে তিন পুলিশ সদস্য সেখানে উপস্থিত হন। এ সময় অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়ান ফারুক। কথা-কাটাকাটির একপর্যায়ে ফারুক ও তার ছেলেরা পুলিশের ওপর হামলা করে।
খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত উপপরিদর্শক মুন্না দে বলেন, থানায় করা একটি অভিযোগের প্রেক্ষিতে তদন্তে গেলে বিনা উস্কানিতে আমাদের ওপর হামলা করা হয়েছে।
পরশুরাম মডেল থানা পুলিশের (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, পুলিশের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেএইচআর