স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের মামলার রায় আগামী ১৭ নভেম্বর ঘোষণা করা হবে। আদালত ইতোমধ্যেই বিষয়টি সকলকে জানিয়ে দিয়েছে। কোথাও বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
শনিবার দুপুরে সরকারি সফরে পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে, রোজার আগে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন তফসীলের তারিখ ঘোষণা করবেন এবং সেই অনুযায়ী প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে।
লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্বাচনের আগে ৫ দিন, নির্বাচনের দিন এবং পরে ৩ দিন বিশেষ অভিযান পরিচালনা করা হবে। নিরাপত্তার দায়িত্বে থাকবে ১ লাখ সেনাবাহিনী সদস্য, ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজার বিজিবি, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র্যাব এবং ৫ লাখ ৫০ হাজার আনসার সদস্য।
এর আগে তিনি পটুয়াখালী কোস্টগার্ড বেইজ অগ্রযাত্রা পরিদর্শন এবং জেলা পুলিশ লাইন্স পরিদর্শন করেন। এরপর তিনি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেন, যেখানে বিকেলে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ এবং নৌ পুলিশ ক্যাম্প পরিদর্শন করবেন।
জেএইচআর