ফরিদপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুনের চেষ্টা

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৪:৪৪ পিএম

ফরিদপুরের মধুখালীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে ভিতরে কোন ক্ষয়ক্ষতি না হলেও দড়জার সামনে আগুনের ধোঁয়ায় কালো বর্ণের হয়ে গেছে। এ ঘটনায় মধুখালী থানায় সাধারণ ডায়েরি(জিডি) করা হয়েছে। 

শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের রায়পুর শাখায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের রায়পুর ব্রাঞ্চের ম্যানেজার নবিনা নুরুল পিয়া বলেন, শুক্রবার দিবাগত রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা ব্যাংকের দরজার সামনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ভিতরে কোন ক্ষয়ক্ষতি হয়নি। দড়জার সামনে কালোধোয়া দেখা যায়। এসময় দড়জার সামনে পেট্রলের খালি বোতল ও ন্যাকড়া পাওয়া যায়। এ ঘটনায় স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে মধুখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা আগুন লাগিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেএইচআর