টাঙ্গাইলের মির্জাপুরে গোলাপী বেগম নামের এক গৃহবধূকে হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রোববার বেলা ১১টায় মির্জাপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত ২৩ অক্টোবর সন্ধ্যায় গোলাপী বেগম বাবার বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর ২৬ অক্টোবর সকালে মির্জাপুর পৌরশহরের বারোখালি খাল থেকে কুমারজানি গ্রামের বিষু মিয়ার মেয়ে গোলাপী বেগমের হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা ওইদিনই অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
শনিবার, ১ নভেম্বর দুপুরে নিহতের বাবার বাড়ি থেকে স্বামী আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে রিমান্ডেও হত্যাকাণ্ডের বিষয়ে তার কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। গ্রেপ্তার আব্দুল কাদের মির্জাপুর পৌরসভার পোষ্টকামুরী গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে।
মানববন্ধনে নিহতের মা সমলা বেগম বলেন, “আমি আমার মাইয়ার হত্যার বিচার চাই, ফাঁসি চাই, আমার মাইয়ারে যে মারছে আল্লাহ তুমি তার বিচার কইরো।”
মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, “আমরা অভ্যন্তরীনভাবে এ ঘটনার তদন্ত করছি। একই সাথে অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতেও প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে। নিহতের বাবার বাড়িতেই রহস্য খুঁজে পাওয়ায় আমরা সেটিকে বেশি প্রাধান্য দিয়ে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছি।”
ইএইচ