হাইমচরে অস্ত্রের মুখে শিক্ষক দম্পতিকে জিম্মি করে ডাকাতি, ৪ জন আহত

চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৯:৪৬ পিএম

চাঁদপুরের হাইমচর উপজেলার ৩নম্বর আলগী-দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা গ্রামে এক শিক্ষক দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করেছে ডাকাত দল। এ ঘটনায় পরিবারের তিনজনসহ মোট চারজন আহত হয়েছেন।

শনিবার রাতের দিকে মুখোশধারী সশস্ত্র ডাকাতদল স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পতির বাড়িতে হামলা চালিয়ে পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ অর্থসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ ডাকাতদল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। মুহূর্তের মধ্যেই তারা শিক্ষক দম্পতি ও পরিবারের সদস্যদের বেঁধে জিম্মি করে মূল্যবান স্বর্ণালংকার, নগদ অর্থ এবং অন্যান্য মালামাল লুট করে। এতে শিক্ষক দম্পতি রতন সরকার (৪৭), মিঠু মহাজন (৩৮) ও স্বপন সরকার (৩১) আহত হন। চিৎকার শুনে ডাকাতি বন্ধ করতে গেলে প্রতিবেশী দিপু হাওলাদার (৩২) নামের এক ব্যক্তি ডাকাতদের হামলায় আহত হন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানিয়েছেন, চরাঞ্চলে দীর্ঘদিন ধরে ছোটখাটো চুরির ঘটনা ঘটলেও এমন সশস্ত্র ডাকাতির ঘটনা বহুদিন পর ঘটলো, যা এলাকায় নিরাপত্তাহীনতা বাড়িয়ে দিয়েছে।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত পুলিশি টহল বাড়ানো এবং ডাকাতচক্রকে শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) মো. খায়রুল কবীর এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়াসহ স্থানীয় নেতারা। তারা ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্তনা দেন।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”

ইএইচ