নেত্রকোণায় জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল ম্যাচে জাতীয় দলের ফুটবলার আরিফ হোসেনের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টার দিকে কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষজন মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে যোগ দেন।
উল্লেখ্য, গত শনিবার নেত্রকোনা সদর একাদশ ও কেন্দুয়া উপজেলা একাদশের মধ্যকার ডিসি কাপ ফুটবল খেলায় মাঠে ঢুকে একদল দর্শক কেন্দুয়ার খেলোয়াড়দের ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, জাতীয় দলের খেলোয়াড় আরিফ হোসেনকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আঘাত করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্যান্য খেলোয়াড়রাও মারধরের শিকার হন।
ঘটনার প্রতিবাদ ও দায়ীদের শাস্তির দাবিতে মঙ্গলবার সকাল ১১টায় কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বরে শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে আয়োজকেরা জানান। এতে কেন্দুয়ার সর্বস্তরের জনগণ অংশ নিয়েছে।
আয়োজকেরা বলেন, “জেলা পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ খেলায় মাঠে ঢুকে জাতীয় দলের খেলোয়াড়কে মারধর নজিরবিহীন। দায়ীদের শাস্তি নিশ্চিত না হলে এলাকায় খেলাধুলার নিরাপত্তা হুমকির মুখে পড়বে।”
মানববন্ধনে খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী, শিক্ষক, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। আয়োজকেরা সবাইকে সময়মতো উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান।
ইএইচ