বাজার ফান্ডের ভূমি হস্তান্তর ও বন্ধকি দলিল রেজিস্ট্রি কার্যক্রম পুনরায় চালু করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে রাঙামাটি বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটি।
মঙ্গলবার সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম পনিরের সভাপতিত্বে ও সদস্য কামাল হোসাইনের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম শাকিল, যুগ্ম-আহ্বায়ক মুজিবুল হক, রাঙামাটি চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল মান্নান, রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় কল্যাণ সমিতির সহসভাপতি রবিউল ইসলাম রবি, বৃহত্তর বনরুপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জসিম উদ্দিন, রাঙামাটি করাতকল সমিতির সভাপতি মমতাজ উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ২৭ নভেম্বরের মধ্যে বাজার ফান্ডের ভুমি হস্তান্তর ও বন্ধকি দলিল রেজিস্ট্রি কার্যক্রম পুনরায় চালু না হলে ৩০ নভেম্বর জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচী পালন করা হবে।
এর পরও যদি কার্যক্রম পুনরায় চালু না হয়, তবে বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটি পুরো রাঙামাটি জেলায় শাটডাউন, হরতাল ও সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কমিটির নেতারা।
ইএইচ