আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নরসিংদী-২ পলাশ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের পক্ষে গণসংযোগ করেছেন পলাশ উপজেলা ও ঘোড়াশাল শহর ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার বিকালে পলাশ উপজেলা ছাত্রদল ও ঘোড়াশাল শহর ছাত্রদলের যৌথ উদ্যোগে পলাশ বাসস্ট্যান্ড থেকে নেতাকর্মী নিয়ে পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন ও ঘোড়াশাল শহর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমানের নেতৃত্বে এক বিশাল গণসংযোগ বের হয়ে বিভিন্ন বাজারে আগত মানুষের মাঝে লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
পরে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণসংযোগটি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।
এ সময় এক সংক্ষিপ্ত পথসভায় ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য।
বক্তারা আরও বলেন, জনগণ যদি ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানকে জয়যুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দেন, তাহলে তাদের আমানতের খেয়ানত হবে না। একজন সুদক্ষ ও সুশিক্ষিত মানুষ ড. আবদুল মঈন খানের হাত ধরে নরসিংদী-২ পলাশ আসনের সর্বস্তরের জনগণের জীবন মানোন্নয়ন সম্ভব এবং একমাত্র মঈন খানই পলাশ উপজেলাকে ফুলে-ফুলে সাজিয়ে সুসজ্জিত করতে পারবেন।
গণসংযোগে পলাশ উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচ