নেত্রকোণা জেলা বিএনপির গ্রাম কমিটি গঠন

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০৪:৪৫ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোণা রৌহা ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড কারলী গ্রাম কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রৌহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি কারলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল আলম সবুজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস. এম. শফিকুল কাদের সুজা, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাসুদুল আজিজ টিটু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তাজউদ্দিন ফারাস সেন্টু, জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল, রৌহা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুর মোমেন তালুকদার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেন, “বিএনপি দেশ ও জনগণের দল। বিএনপি সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে আসছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। বিএনপি ক্ষমতায় আসলে নারী শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়নে নানা ধরনের পদক্ষেপ নেবে। বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় কার্যক্রম পালন করতে পারবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। বিএনপির সব স্তরের নেতাকর্মীদের এসব ষড়যন্ত্র মোকাবেলায় সর্বদা সতর্ক থাকতে হবে।”

আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তরুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করার পাশাপাশি বিএনপিকে ক্ষমতায় আনার জন্য সবার প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান।

ইএইচ