ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় না থাকলেও সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহ এখনও রয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে এখনই সময় এসেছে পরিবর্তনের, আসুন সকলে মিলে সেই সুযোগ কাজে লাগাই।
রোববার দুপুরে ফেনী শহরের একটি কনভেনশন হলে নিজের প্রার্থীতার ঘোষণা দেয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, খারাপ লোককে নির্বাচিত করলে পরিণতি আরও খারাপ হবে। বিগত ৫৪ বছর ধরে রাষ্ট্রকে সঠিকভাবে তৈরি করা যায়নি। বিভাজন ও প্রতিহিংসার রাজনীতির চর্চা হয়েছে। আমরা সবাইকে নিয়ে নতুন রাজনীতির কথা বলতে চাই।
তিনি আরও বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে নিজে ঘাটলা বা বাড়িতে শালিশ দরবার করবেন না, প্রশাসনকে কাজের ক্ষেত্রে হস্তক্ষেপ করবেন না এবং বাজার বা স্কুল কমিটির নির্বাচনে কোন প্রভাব বিস্তার করবেন না। পাশাপাশি জেলা প্রশাসকসহ সকল সরকারি দপ্তরে সৎ ও যোগ্য কর্মকর্তা বাছাইয়ের চেষ্টা, সরকারি দপ্তরে কাজের জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারি বরাদ্দের তথ্য জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
মজিবুর রহমান মঞ্জু উল্লেখ করেন, বিএনপির সঙ্গে জোটে নির্বাচনে যাওয়ার সুযোগ ছিল তাদের। তবে বিএনপির অনেক নেতা বছরের পর বছর সংগ্রাম করেছেন, নির্যাতিত হয়েছেন। তাদের দলের নমিনেশন পাওয়ার অধিকার রয়েছে। তাই তিনি সেই পথে যাননি। তবে ফেনী বিএনপির সব পক্ষ চাইলে জোটের প্রার্থী হতে আপত্তি নেই, তবে কাউকে কষ্ট দিয়ে এমপি হওয়ার ইচ্ছা নেই।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবি পার্টি চেয়ারম্যান জানান, আগামী কয়েক দিনের মধ্যে নতুন একটি জোটের ইঙ্গিত থাকবে। তিনি বলেন, ২৫ নভেম্বর নতুন জোটের ঘোষণা আসতে পারে, যেখানে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া নতুন দল এনসিপিও থাকবে।
তিনি বলেন, ধানের শীষ ও দাঁড়িপাল্লার বাইরেও অনেক ভোটার রয়েছেন, যাদের মুক্ত চিন্তা করার সুযোগ আছে। আমি তাদের সমর্থন চাইবো। এমপি নির্বাচিত না হলেও তিনি ফেনীবাসীর জন্য আজীবন কাজ করার অঙ্গীকার করেছেন।
মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর সবাই মুক্তভাবে রাজনীতি করছে, যা একটি বড় অর্জন। এছাড়া প্রধানমন্ত্রী পদে দুইবারের বেশি কেউ থাকতে পারবে না এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে বিরোধী দলের মতামত নেয়া বাধ্যতামূলক এসব সংস্কার বাস্তবায়িত হলে আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশ অনেক পরিবর্তিত হবে।
তিনি বলেন, এখন যে কেউ সরকার প্রধানের কড়া সমালোচনা করতে পারছেন, এটি কিছুদিন আগেও সম্ভব ছিল না। তিনি ফেনীতে সেনানিবাস, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনসহ জেলার বিভিন্ন সমস্যা সমাধানে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
জেলা এবি পার্টির আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, জেলা সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, আবদুল্লাহ আল মামুন আনসারী ও প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী উপস্থিত ছিলেন।
ইএইচ