গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তা এলাকায় একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ৩ নারী যৌনকর্মীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ‘ফ্রেশ ভাটেরচর গেস্ট হাউস এন্ড রেস্টুরেন্টে’ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তমা আক্তার (২৮), জামালপুরের সাথী আক্তার (২০), পটুয়াখালীর শামীমা আক্তার (২২), গজারিয়ার বর্ষা (১৮) ও সুমন মিয়া (২৫)।
স্থানীয়রা জানায়, এই হোটেলটি মালিক রাসেল মিয়ার, তবে কয়েক মাস আগে নারায়ণগঞ্জের দেলোয়ার হোসেন ভাড়া নিয়ে হোটেল পরিচালনা শুরু করেন। হোটেলটিতে রাতে ছেলেমেয়েদের অবাধ যাতায়াত ও দেহ ব্যবসার অভিযোগ ছিল।
গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে হোটেল পরিচালনাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ তালা ভেঙে হোটেল থেকে ৩ নারী যৌনকর্মী এবং এক প্রেমিক-প্রেমিকা যুগলকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা কবির হোসেন বলেন, “এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি চাই।”
মাওলানা আল আমিন বলেন, “গজারিয়ার মাটিতে এই ধরনের অপকর্ম মেনে নেওয়া হবে না। আলেম-ওলামা একজোট হয়ে ব্যবস্থা নেবেন।”
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ জানান, “স্থানীয়দের তথ্যের ভিত্তিতে হোটেলে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে তিনজন পেশাদার যৌনকর্মী এবং দুইজন প্রেমিক-প্রেমিকা। দণ্ডবিধির ২৯০ ধারায় তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”
ইএইচ